এক হাজার মোমবাতির আলো, ফুলেল শ্রদ্ধা আর প্রিয়জনদের স্মৃতিচারণে গাজীপুরের নুহাশপল্লীতে উদযাপিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী। শুক্রবার (১৩ নভেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন পরিবারের সদস্য, লেখক, সংস্কৃতিকর্মী ও ভক্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর লিচুতলায় অবস্থিত হুমায়ূন আহমেদের সমাধিস্থলে এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আয়োজন। মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে সমাধিস্থল। শুক্রবার সকাল ৮টার দিকে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, লেখক, কবি, নাট্যব্যক্তিত্ব ও ভক্তরা ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রিয় লেখককে স্মরণ করেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
নুহাশপল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এবারের জন্মদিনের আয়োজন শুরু হয়। তবে অসুস্থতার কারণে হুমায়ূন আহমেদের দুই ছেলে নিষাদ ও নিনিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য এক নাম:
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে সহজ-সরল ভাষায় গল্প বলার অনন্য দক্ষতা তাঁকে আশি ও নব্বইয়ের দশকের পাঠক-দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় করে তোলে। উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র, প্রতিটি ক্ষেত্রেই রেখেছেন স্বতন্ত্র সৃজনশীলতার পরিচয়।
তাঁর গল্প ও উপন্যাস অবলম্বনে নির্মিত ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’-এর মতো টেলিভিশন ধারাবাহিক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে তাঁর সৃষ্ট চরিত্র ও গল্পের স্বতন্ত্র উপস্থাপন বাংলা টেলিভিশন নাটকে তৈরি করে নতুন জনপ্রিয়তা।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের জন্য সেরা গল্পকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র নির্মাণ করেন।
ব্যক্তিজীবনে ১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। তাঁদের চার সন্তান নোভা, শীলা, বিপাশা ও নুহাশ। ২০০৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন তিনি। এই সংসারে তাঁদের দুই সন্তান নিষাদ ও নিনিত।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর সৃষ্ট সাহিত্য, নাটক ও চলচ্চিত্র এখনো পাঠক-দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত। তাঁর জন্মদিনে নুহাশপল্লীর এই আয়োজন যেন আবারও স্মরণ করিয়ে দেয়, সময় পেরিয়ে গেলেও মানুষের ভালোবাসায় অমলিন হয়ে আছেন গল্পের এই জাদুকর।
পাঠকের মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।