দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক এবং ইভ টিজিং প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে হবে।

রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের চিঠিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে প্রতিবেদন পাঠাতে হবে।

প্রতিবেদন পাঠানোর জন্য মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected] ব্যবহার করতে বলা হয়েছে।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের নিজ নিজ অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের কার্যক্রম নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

অধিদপ্তরের এই নির্দেশনাসংবলিত চিঠি দেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, সরকারি-বেসরকারি কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভ টিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই এ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।