সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ এবং জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপকূলের বনজীবীরা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শত শত নৌকা নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন তাঁরা। তাঁদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বনদস্যু নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন। এতে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান ও ফরিদা পারভীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং বনজীবীরা।

সমাবেশে জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বনদস্যুদের বিরুদ্ধে আন্দোলন চালিয়েও তাঁরা কোনো কার্যকর ফল পাচ্ছেন না। তাঁর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ না থাকায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করা হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়ার পর তাঁদের ভয় ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

জেলে সবুর আলী বলেন, সুন্দরবনে মাছ ধরতে যেতে না পারায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। বনে প্রবেশ করলে অপহরণের শিকার হওয়ার আশঙ্কায় তাঁরা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারছেন না। প্রশাসনকে বারবার বিষয়টি জানানোর পরও কার্যকর পদক্ষেপ দেখতে পাননি বলে অভিযোগ করেন তিনি।

একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন জেলে ওমর ফারুক। তিনি বলেন, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সরকার যদি বনজীবীদের নিরাপদে বনে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে না পারে, তাহলে তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। পরিবার নিয়ে দীর্ঘদিন অনাহার ও আর্থিক দুরবস্থার মধ্যে দিন কাটছে বলেও জানান তিনি।

ওমর ফারুকের আরও অভিযোগ, আন্দোলনের ছবি দেখে বনদস্যুরা তাঁদের হুমকি দিচ্ছে। এতে আন্দোলনে অংশ নেওয়া জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

সমাবেশে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, সুন্দরবনের বনদস্যুদের তৎপরতা বন্ধে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলে-বাওয়ালীদের দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরবেন।

বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, তাঁদের আন্দোলনের নবম দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত অভিযান শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এদিকে জেলে-বাওয়ালীদের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য বন বিভাগ প্রস্তুত রয়েছে। বনদস্যু নির্মূলে কাজ করা কয়েকটি বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার বিষয়েও বন বিভাগ প্রস্তুত বলে জানান তিনি।

উল্লেখ্য, রোববার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মুক্তিপণের দাবিতে আরও ১০ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক অপহরণ ও নিরাপত্তাহীনতার ঘটনায় সুন্দরবননির্ভর জেলে-বাওয়ালীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জীবিকার তাগিদে বনে যেতে না পারায় তাঁদের অনেক পরিবারও পড়েছে চরম আর্থিক অনিশ্চয়তায়।

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ এবং বনজীবীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উপকূলের জেলে-বাওয়ালীরা।