জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আজ আর কোনো দূরবর্তী হুমকি নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতা। প্রতি বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ) ঘিরে বৈশ্বিক পরাশক্তি ও নীতিনির্ধারকদের কত শত আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি দেখা যায়। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা পৌঁছায়, তা নিয়ে প্রশ্ন থেকে যায় বারবার।

আগামী কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে যে বৈশ্বিক জলবায়ু অর্থায়নের রূপরেখা তৈরি হচ্ছে, সেখানে স্পষ্ট ও দৃঢ় দাবি তুলতে হবে—জলবায়ু অর্থায়নের কেন্দ্রে থাকতে হবে উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষকদের।

আমাদের মতো কৃষিপ্রধান উন্নয়নশীল দেশগুলোতে দুর্যোগ মানেই লাখ লাখ কৃষকের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন আর মেহনত নিমিষেই ধুলোয় মিশে যাওয়া। শুধু খরা, বন্যা বা ঘূর্ণিঝড়ের আগাম পূর্বাভাস দিয়েই দায়িত্ব শেষ করা যাবে না। পূর্বাভাসের তথ্য জানা এক জিনিস, আর তা কাজে লাগিয়ে ফসল বা খামার রক্ষা করা ভিন্ন বিষয়। আবহাওয়ার বার্তা কৃষকের কাছে সময়মতো পৌঁছানোর পর, সেই বার্তা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সক্ষমতা কৃষকের আছে কি না—সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

‎পূর্বাভাস পেয়ে কৃষক যদি জানেন যে পাঁচ দিন পর বন্যা আসছে, তবে সেই সময়টুকুতে দ্রুত ফসল কাটার যন্ত্রপাতি, বীজ সংরক্ষণ বা খামারের গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মতো সম্পদ তাঁর হাতে থাকতে হবে। তাই শুধু ‘তথ্য প্রদান’ নয়, তথ্যকে কাজে লাগানোর মতো উপযোগী অবকাঠামো ও অভিযোজন সক্ষমতা তৈরির জন্য জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষুদ্র কৃষকের হাতে পৌঁছানো জরুরি।

‎‎বর্তমানে কৃষিখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। প্রযুক্তি নিঃসন্দেহে কৃষকের উৎপাদনশীলতা ও ঝুঁকি মোকাবেলার পথ সুগম করতে পারে। কিন্তু এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত বা অন্ধ ব্যবহার নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এআই যেন ক্ষুদ্র কৃষকের ঐতিহ্যগত জ্ঞানকে প্রতিস্থাপিত করে তাদের সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর বা করপোরেটনির্ভর না করে ফেলে। প্রযুক্তি হতে হবে সহজলভ্য, কৃষকবান্ধব এবং ক্ষুদ্র কৃষকের নিয়ন্ত্রণে। এমন যেন না হয় যে, প্রযুক্তির সুবিধা ভোগ করবে বড় বাণিজ্যিক খামারগুলো, আর ক্ষুদ্র কৃষকেরা খরচের চাপ সইতে না পেরে আরও প্রান্তিক হয়ে পড়বেন।

‎কপ-৩১ সম্মেলনকে কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ রাখলে চলবে না। বৈশ্বিক ক্ষতিপূরণ ও অভিযোজন তহবিল (Loss and Damage Fund) যেন সরাসরি উন্নয়নশীল দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অভিযোজন সক্ষমতা বাড়াতে ব্যয় হয়, সে বিষয়ে শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিতে হবে।

‎জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা অনুদান নয়, এটি উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষকদের টিকে থাকার অধিকার। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বড় একটি অংশ সময়মতো কৃষি খাতের অভিযোজন প্রক্রিয়া, স্থানীয় প্রযুক্তির সহজলভ্যতা এবং ক্ষুদ্র কৃষকের সুরক্ষায় বিনিয়োগ করা এখন সময়ের দাবি। প্রান্তিক কৃষকের হাঁড়িতে ভাত ফুটলে তবেই নিশ্চিত হবে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা।

‎লেখক : ‎সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি