সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার দাবিতে উপকূলীয় এলাকায় আন্দোলন চলার মধ্যেই নতুন করে জেলে অপহরণের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে মুক্তিপণের দাবিতে অন্তত ১১ জেলেকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তবে অপহৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন ফিরে আসা জেলেরা।
স্বজন ও ফিরে আসা কয়েকজন জেলের ভাষ্য অনুযায়ী, শ্যামনগরের গাবুরা ইউনিয়নের আমির আলী এবং দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে এসব অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার বিকেল পর্যন্ত নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদীর বিভিন্ন এলাকা থেকে জেলেদের তুলে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এখন পর্যন্ত পরিচয় পাওয়া ১১ জনের মধ্যে আটজন শ্যামনগর উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন গাবুরার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ; মুন্সিগঞ্জের চুনকুড়ি গ্রামের আবু তাহের; সিংহড়তলীর সুরোত আলী; মথুরাপুর গ্রামের লিয়াকত আলী এবং কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী।
অন্য তিনজন কয়রা উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।
ফিরে আসা জেলেদের দাবি, অপহৃতের সংখ্যা ১১ জনের বেশি হতে পারে। তবে অতিরিক্ত অপহৃতদের নাম-পরিচয় ও সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলের স্বজন ও ফিরে আসা জেলেরা জানান, প্রতিটি নৌকায় সাধারণত তিন থেকে চারজন করে জেলে ছিলেন। সেখান থেকে প্রতি নৌকা থেকে একজনকে তুলে নেওয়া হয়। খোরশেদ, দিদারুল ও ইমরানসহ কয়েকজনের মুক্তির জন্য জনপ্রতি এক লাখ টাকা করে দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নৌকা নিয়ে বনের ভেতরে একা থাকা সুরোত আলীর ক্ষেত্রে তুলনামূলক কম অর্থ দাবি করা হলেও নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
দস্যুদের বিরুদ্ধে উপকূলে আন্দোলন
সুন্দরবনে অপহরণের এসব অভিযোগ এমন সময়ে সামনে এল, যখন বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন উপকূলের বনজীবীরা। শ্যামনগরের গাবুরা, মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নসহ সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকার জেলে, বাওয়ালি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করেছেন।
আন্দোলনকারীদের দাবি, জেলে ও বনজীবীদের অপহরণ এবং মুক্তিপণ আদায় বন্ধ করতে হবে। পাশাপাশি দস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়ার নামে অনিয়ম বা প্রতারণার অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।
আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার সকালে গাবুরার দৃষ্টিনন্দন এলাকা থেকে বুড়িগোয়ালিনীর নীলডুমুর খেয়াঘাট পর্যন্ত নৌকা নিয়ে ‘নৌকা বন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বনজীবীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, সুন্দরবনে প্রবেশের জন্য নৌকাপ্রতি ৪০ হাজার টাকা থেকে এক লাখ টাকারও বেশি অগ্রিম চাঁদা দিতে হচ্ছে। তাঁদের দাবি, বর্তমানে বনে ১২ থেকে ১৪টি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে।
কোস্টগার্ডের হিসাবে সক্রিয় ১১ বাহিনী
তবে কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে সক্রিয় দস্যু বাহিনীর সংখ্যা ১১টি। এসব বাহিনীর সদস্যসংখ্যা শতাধিক। চাঁদা আদায়ের বিষয়ে বনজীবীদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো তাদের নজরে এসেছে। নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন লিখিত বক্তব্যে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জিম্মিদশা থেকে ৫৭ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪১ জন দস্যুকে আটক এবং ৫১ জনকে আত্মসমর্পণ করানো হয়েছে।
সংস্থাটির দাবি, ধারাবাহিক অভিযানের ফলে দস্যু বাহিনীগুলো আগের তুলনায় অনেকটাই দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুন্দরবনের প্রবেশপথ, নদী ও খালগুলোতে নজরদারি এবং টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিপদে পড়লে বনজীবীদের জরুরি নম্বর ১৬১১১-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বনজীবীরা
দস্যুদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া বনজীবীদের পরিবারগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্দোলনে যুক্ত হওয়ার কারণে বনে প্রবেশের পর তাঁরা প্রতিশোধের শিকার হতে পারেন—এমন আশঙ্কাও করছেন অনেকে।
এর মধ্যেই গত শুক্রবার রাতে সুন্দরবনের আলোচিত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনার পরও জেলে অপহরণের অভিযোগ অব্যাহত থাকায় সুন্দরবননির্ভর মানুষের মধ্যে আতঙ্ক কাটছে না।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, কয়েকজন জেলেকে অপহরণের বিষয়টি তাঁরা জেলেদের কাছ থেকে জানতে পেরেছেন। এ ঘটনায় বন বিভাগের টহল দল সুন্দরবনের ভেতরে অভিযান পরিচালনা করছে। তবে বিশাল বনাঞ্চলে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা বন বিভাগের একার পক্ষে কঠিন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হলে অনেক সময় জেলেদের পরিবার গোপনে সমঝোতার মাধ্যমে তাঁদের মুক্ত করে আনে। এ কারণে ফিরে আসা জেলেরা অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিস্তারিত তথ্য দিতে চান না। তবে মুক্তিপণের অর্থ আদায়ে ব্যবহৃত মুঠোফোন নম্বরের মালিকদের শনাক্ত করে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
বনদস্যু নির্মূল কমিটির ব্যানারে চলমান আন্দোলনে অংশ নেওয়া আব্দুল হালিম বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে উপকূলের মানুষের আন্দোলনের মধ্যেই নতুন করে জেলে অপহরণের ঘটনা বনজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। জীবিকার প্রয়োজনে যাঁদের বনে যেতে হয়, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে উপকূলের মানুষের জীবন-জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়বে।
সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো জেলে ও বনজীবীর নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করতে দস্যু দমন, নিয়মিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ এখন উপকূলবাসীর অন্যতম দাবি।
পাঠকের মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।