বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাস, অধিকার আদায়ের সংগ্রাম এবং স্বাধিকার আন্দোলনের পটভূমি পর্যালোচনা করলে যে কজন ক্ষণজন্মা পুরুষের নাম স্বর্ণাক্ষরে লেখা রবে, শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক তাঁদের মধ্যে অন্যতম। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু এবং ‘বাংলার বাঘ’—এই প্রতিটি উপাধির চেয়েও বড় পরিচয় তিনি ছিলেন সাধারণ মানুষের হৃদয়ের মানুষ। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, কর্ম, দর্শন এবং বাঙালি জাতীয়তাবাদ গঠনে তাঁর অনন্য অবদান আমাদের জাতীয় ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর বর্তমান বরিশালের রাজাপুরের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করা এ কে ফজলুল হক ছিলেন একাধারে তুখোড় মেধা, দূরদর্শী নেতৃত্ব ও অতুলনীয় রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী। শিক্ষাজীবনে গণিত, রসায়ন, আরবিসহ একাধিক বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে প্রথমে ওকালতি পেশায় যুক্ত হলেও জনগণের প্রতি গভীর টানে দ্রুতই নিজেকে জড়িয়ে ফেলেন রাজনীতিতে।
তাঁর রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্রবিন্দু ছিল শোষিত ও বঞ্চিত মানুষ, বিশেষ করে বাংলার কৃষক সমাজ। অবিভক্ত বাংলার ১৯৩৫ সালের শাসনতন্ত্রের আওতায় গঠিত সাধারণ নির্বাচনে তিনি কৃষক-প্রজা পার্টি গঠন করে নির্বাচনে অংশ নেন। ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী (তৎকালীন সময়ে ‘মুখ্যমন্ত্রী’ বলা হতো) হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি প্রমাণ করেছিলেন যে, সরকার কেবল অভিজাতদের জন্য নয়, বরং খেটে খাওয়া মানুষের কল্যাণে নিবেদিত।
কৃষকদের মুক্তি দিতে তিনি এমন কিছু যুগান্তকারী পদক্ষেপ নেন, যা ইতিহাসে বিরল। জমিদার ও মহাজনদের শোষণের হাত থেকে সাধারণ কৃষকদের রক্ষা করতে তিনি ‘কৃষি ঋণ সালিশী বোর্ড’ গঠন করেন। এর মাধ্যমে মহাজনদের চড়া সুদের কবল থেকে কৃষক সমাজ মুক্তি পায়। পাশাপাশি ‘মহাজনী আইন’ পাস করে কৃষকদের ওপর শোষণমূলক সুদ আদায়ের পথ বন্ধ করেন। তাঁর এসব পদক্ষেপই তাঁকে পরিণত করেছিল বাংলার কৃষক-জনতার নয়নের মনিতে। শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগোতে পারে না—এই সত্যটি ফজলুল হক অনুধাবন করেছিলেন খুব গভীরভাবে। বাংলার মুসলিম সমাজ যখন শিক্ষা, দীক্ষা ও অর্থনৈতিকভাবে চরম পিছিয়ে পড়েছিল, তখন তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্রতী হন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র থাকাকালীন তিনি শিক্ষা বিস্তারে বহু সাহসী পদক্ষেপ নেন।
তিনি উপলব্ধি করেছিলেন যে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য যদি সুযোগ সৃষ্টি করা না যায়, তবে সমাজের বৈষম্য দূর হবে না। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এবং অবদানেই প্রতিষ্ঠিত হয় কলকাতার বিখ্যাত ‘লেডি ব্র্যাবোর্ন কলেজ’সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি এবং তাঁর সমসাময়িক নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মুসলিম যুবসমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অবিরাম কাজ করে গেছেন, যা পরবর্তীতে বাঙালি জাতির বুদ্ধিবৃত্তিক জাগরণে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
এ কে ফজলুল হক শুধু একটি অঞ্চলের বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নেতা ছিলেন না; তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক মূর্ত প্রতীক।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান সৃষ্টির প্রাক্কালে বাংলার স্বাধিকার নিশ্চিতকরণ—প্রতিটি পদক্ষেপে তাঁর ছিল নির্ভীক ও আপসহীন ভূমিকা।
১৯৪০ সালের লাহোর প্রস্তাবে বাংলার মানুষের স্বার্থ রক্ষায় তাঁর ভূমিকা ছিল দূরদর্শী। পরবর্তীতে ১৯৫৪ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে মুসলিম লীগের খিলান ভেঙে দিয়ে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সাথে মিলে ‘যুক্তফ্রন্ট’ গঠন করেন এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। এই নির্বাচনে তাঁর নেতৃত্ব প্রমাণ করেছিল যে, বাঙালি জাতি অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। তাঁর এই আপসহীন ও সাহসী চরিত্রই তাঁকে ভূষিত করেছিল ‘শের-ই-বাংলা’ বা ‘বাংলার বাঘ’ উপাধিতে।
তিনি ছিলেন নিখাদ দেশপ্রেমিক। ক্ষমতার মোহ তাঁকে কখনো অন্ধ করতে পারেনি। সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর উদারতা, মহানুভবতা এবং জনগণের প্রতি ভালোবাসা আজও রূপকথার মতো মানুষের মুখে মুখে ফেরে। নিজ বাড়ির দরজা তিনি সাধারণ মানুষের জন্য সবসময় উন্মুক্ত রাখতেন, যার কারণে মানুষ তাঁকে আপনজন বলে মনে করত।
আজকের বাংলাদেশে সুশাসন, সামাজিক ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে শেরেবাংলা এ কে ফজলুল হকের জীবনদর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। রাজনীতির মূল উদ্দেশ্য যে জনগণের সেবা এবং তাদের অধিকার রক্ষা করা—এই ব্রত তিনি আজীবন লালন করে গেছেন।
আমাদের জাতীয় জীবনে স্বাধিকার আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপণে তাঁর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা উচিত। শের-ই-বাংলা এ কে ফজলুল হক কেবল ইতিহাসের কোনো চরিত্র নন; তিনি এক চিরন্তন অনুপ্রেরণা, যিনি শিখিয়ে গেছেন কীভাবে মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে লড়ে যেতে হয়। এই মহান নেতার আদর্শ ও জীবনদর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আজ সময়ের দাবি।
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই।