এশিয়ার সেরা ২০টি সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সাময়িকী ‘কনডে নাস্ট ট্রাভেলার’। পাঠকদের ভোটে তৈরি ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর এই তালিকায় স্থান হয়নি বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের। অন্যদিকে তালিকার শীর্ষস্থান দখল করেছে শ্রীলঙ্কার আরুগাম বে বিচ।

প্রকাশিত তালিকায় ১০০ নম্বরের মধ্যে ৯৮ দশমিক ৮৪ স্কোর নিয়ে প্রথম হয়েছে আরুগাম বে। দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের রাইলি বিচ, যার স্কোর ৯৪ দশমিক ৪৪। ৯৩ দশমিক ৩৩ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে মালয়েশিয়ার পাংকর দ্বীপের কোরাল বিচ।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইনের বোরাকে, স্কোর ৯৩ দশমিক ০১। পঞ্চম অবস্থানে ইন্দোনেশিয়ার নুসা দুয়া বিচ, যার স্কোর ৯২ দশমিক ৯৩।
এশিয়ার বিভিন্ন দেশের মোট ২০টি সমুদ্রসৈকত নিয়ে তৈরি এই তালিকায় শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ার চারটি করে সৈকত জায়গা পেয়েছে। ইন্দোনেশিয়ার রয়েছে তিনটি এবং ফিলিপাইনের দুটি সৈকত। ভারতের চারটি সমুদ্রসৈকতও তালিকায় স্থান পেয়েছে।
ভারতের রাধানগর বিচ রয়েছে ১১তম অবস্থানে। এ ছাড়া আগোন্ডা বিচ ১৩তম, আনজুনা বিচ ১৫তম এবং গোকর্ণ বিচ ২০তম স্থান পেয়েছে।
শ্রীলঙ্কার আরুগাম বে ছাড়াও দেশটির বেনটোটা বিচ নবম, তাঙ্গালে বিচ ১৪তম এবং নেগম্বো বিচ ১৯তম অবস্থানে রয়েছে।
‘কনডে নাস্ট ট্রাভেলার’ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের সমুদ্রসৈকত সম্পর্কে পাঠকদের অভিজ্ঞতা ও পছন্দের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। ফলে এটি মূলত ভ্রমণকারীদের মতামত ও মূল্যায়নের প্রতিফলন।
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতগুলোর একটি হিসেবে পরিচিত বাংলাদেশের কক্সবাজার পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও ২০২৬ সালের এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের এই তালিকায় জায়গা করে নিতে পারেনি।
১০০–এর মধ্যে কোন সৈকত কত স্কোর পেল

১. আরুগাম বে বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৯৮.৮৪
২. রাইলে বিচ, থাইল্যান্ড, স্কোর ৯৪.৪৪
৩. কোরাল বিচ, পাংকর দ্বীপ, মালয়েশিয়া, স্কোর ৯৩.৩৩
৪. বোরাকে, ফিলিপাইন, স্কোর ৯৩.০১
৫. নুসা দুয়া বিচ, ইন্দোনেশিয়া, স্কোর ৯২.৯৩
৬. পেরহেনতিয়ান দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, স্কোর ৯২.৭৮
৭. পান্তাই পাদাং পাদাং, ইন্দোনেশিয়া, স্কোর ৯১.৬৭
৮. লাংকাউই দ্বীপ, মালয়েশিয়া, স্কোর ৮৮.৬৭
৯. বেনটোটা বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৮৮.৩৩
১০. আও নাং বিচ, থাইল্যান্ড, স্কোর ৮৫.৫৬
১১. রাধানগর বিচ, ভারত, স্কোর ৮৫.০০
১২. এল নিডো, ফিলিপাইন, স্কোর ৮৪.৮৪
১৩. আগোন্ডা বিচ, ভারত, স্কোর ৮৪.১২
১৪. তাঙ্গালে বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৮৩.৩৩
১৫. আনজুনা বিচ, ভারত, স্কোর ৮২.৬৭
১৬. পাতায়া বিচ, থাইল্যান্ড, স্কোর ৮১.৬৭
১৭. গিলি ত্রাওয়ানগান বিচ, ইন্দোনেশিয়া, স্কোর ৮০.০০
১৮. মায়া বে, থাইল্যান্ড, স্কোর ৭৯.৭৪
১৯. নেগোম্বো বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৭৮.৯২
২০. গোকর্ণ বিচ, ভারত, স্কোর ৭৭.৫৭
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই।