অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধন প্রক্রিয়া দ্রুত করতে নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। এখন থেকে নিবন্ধনের আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে আবেদন যাচাই-বাছাই করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা আবেদনগুলো আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)। গত সোমবার সংস্থাটি এ নির্দেশনা প্রকাশ করে।
আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত সচিব) আহমেদ উল্লাহ বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করা, নাগরিকসেবা সহজ করা, অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনলাইনে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার দিন থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই শেষ করে নিবন্ধন দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন নিষ্পত্তি করা সম্ভব না হলে তার কারণ উল্লেখ করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে জানাতে হবে।
আবেদনে কোনো ধরনের ত্রুটি বা প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকলে তা সংশোধন কিংবা পূরণের জন্য আবেদনকারীকে ৭ থেকে ১৫ দিন সময় দেওয়া হবে। এ বিষয়ে আবেদনকারীকে ই-মেইলের মাধ্যমে অবহিত করার নির্দেশনাও রয়েছে।

তিন মাসের মধ্যে নিষ্পত্তি হবে পুরোনো আবেদন
নতুন নির্দেশনায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের সব আবেদন আগামী তিন মাসের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে।
এ জন্য নিবন্ধনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনিষ্পন্ন আবেদনগুলো পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন অথবা নামঞ্জুর করার মাধ্যমে নিষ্পত্তি করতে বলা হয়েছে। পাশাপাশি নিষ্পত্তির অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রতিবেদন আরজেএসসির নিবন্ধকের কাছে জমা দিতে হবে।
দেশে নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ৬৪ হাজারের বেশি
বর্তমানে ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী পার্টনারশিপ ফার্মের নিবন্ধন দেওয়া হয়। অন্যদিকে সোসাইটির নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয় ১৮৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে।
আরজেএসসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪ হাজার ২২টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে বছরে গড়ে প্রায় দুই হাজার প্রতিষ্ঠান নতুন করে নিবন্ধিত হয়।
অন্যদিকে দেশে নিবন্ধিত সোসাইটির সংখ্যা ১৭ হাজার ৪২৯। প্রতিবছর গড়ে প্রায় ২০০টি সোসাইটি নিবন্ধিত হয়। তবে একক অর্থবছর হিসেবে সবচেয়ে বেশি সোসাইটি নিবন্ধিত হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে, অন্তর্বর্তী সরকারের সময়ে। ওই অর্থবছরে মোট ৯৪১টি সোসাইটি নিবন্ধিত হয়।
নতুন নির্দেশনা কার্যকর হলে অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমবে এবং আবেদনকারীদের ভোগান্তি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে।
পাঠকের মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।